
স্টাফ রিপোর্টার, পায়রাবন্দ (মিঠাপুকুর):
মিঠাপুকুরে অগ্নিকান্ডের ঘটনায় গরু, ছাগলসহ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ভোররাতে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের হারুন মিয়ার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের ঘটনায় ২টি গরু ও ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবার।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানা গেছে, ওই গ্রামের পশ্চিমপাড়ার ছাত্তার মিয়া ও তার ছেলেরা স্ত্রী সন্তান নিয়ে শুক্রবার রাতে ঘুমিয়ে পড়েন। গতকাল শনিবার ভোরে হারুন মিয়ার ঘর থেকে হঠাৎ আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে।
বাড়ির লোকজন সহ প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বাঁচাতে পারেনি হারুনের ঘর বাড়ী। এসময় অগ্নিকান্ডের হাত থেকে বাড়ির বাকি ঘর গুলো রক্ষা হলেও হারুনের মালামাল সহ ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় দুটি গরু ও ছাগল । কেউ কেউ ধারনা করছেন মশা তারাবার কয়েল থেকে নয়তো বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে আগুন লেগে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
পায়রাবন্দ ইউপি চেয়ারম্যান ফয়জার রহমান খাঁন ও অত্র ওয়ার্ড সদস্য আব্দুস ছালাম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তারা বলেন, ক্ষতি গ্রস্থ পরিবারের খোঁজ খবর নিয়েছি এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সাধ্যমতো সযহোগিতা করা হবে।
এম২৪নিউজ/আখতার