
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে মোসলেমা বেগম আইরিন (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসময় শ্বাশুড়ী নুরজাহান বেগমকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর ভাঙ্গার পাড় গ্রামের আব্দুর রউফ এর ছেলে জীবন মিয়া পেশায় একজন রাজমিস্ত্রি। সে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বুঝরুক সমসের নগর এলাকার আহমদ আলীর মেয়ে মোসলেমা বেগম আইরিনকে বিয়ে করেন কয়েকবছর আগে। সম্প্রতি, জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েন জীবন মিয়া। জুয়ায় টাকা নষ্ট করার প্রতিবাদ করে আইরিন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হয়।
এদিকে সোমবার ভোররাতে গৃহবধূ আইরিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সকালে বিছানা থেকে আইরিনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
স্থানীয়রা জানান, ঘরের তীরের সাথে ওড়না ঝুলানো ছিল। আইরিনকে হত্যা করা হয়েছে এমন সন্দেহে শ্বাশুড়ী নুরজাহান বেগমকে আটক করে পুলিশ। ঘটনার পর থেকে লাপাত্তা স্বামী জীবন মিয়া। এ ঘটনায় আইরিনের বড় ভাই মুঞ্জরুল বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে জীবন পলাতক থাকলেও তার মা নুরজাহান বেগমকে আটক করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার