
শামীম আখতার ||
মিঠাপুকুরে একটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার লতীবপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের করিম মন্ডলের ছেলে মূলহোতা খোকন ওরফে খোকা, একই ইউনিয়নের মশামারি গ্রামের রফিকুলের স্ত্রী সেলিনা বেগম ও খোসালপুুর গ্রামের শাহানত মিয়ার স্ত্রী শরিফা বেগম।
পুলিশ ও মামলার বাদী সূত্রে জানাযায়, গত মঙ্গলবার রাতে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের শিংগীকুড়া গ্রামের বাহার উদ্দিনের বাড়ি থেকে ১ টি গর্ভবতী গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের সদস্যরা। এ ঘটনায় বাহার উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেন।
গত বুধবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে চুরির ঘটনায় জড়িত সন্দেহে পালিয়ে থাকা খোকন ওরফে খোকা নামের যুবককে আটক করে গরুর মালিক বাহার উদ্দিনসহ স্থানীয়রা।
পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে খোকাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার দেয়া তথ্যমতে বুধবার গভীর রাতে লতিবপুর ইউনিয়নের মশামারি গ্রামের রফিকুলের স্ত্রী সেলিনার বাড়িতে অভিযান চালায় পুলিশ।
সেখানে গরু না পেয়ে সেলিনাকে সাথে নিয়ে একই ইউনিয়নের খোসালপুুর গ্রামের শাহানত মিয়ার বাড়িতে গিয়ে তার স্ত্রী শরিফার হেফাজতে থাকা চোরাই গরুটি উদ্ধার করে এবং তাকেও গ্রেফতার করা হয়।
পায়রাবন্দ ইউনিয়নের বিট অফিসার এসআই হাবিব মিয়া জানান, চোরাই গরু গোপনে লুকিয়ে রাখার সাথে জড়িত থাকায় দুই নারীসহ মূল আসামী খোকন ওরফে খোকাকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় গ্রেফতারকৃত ৩ জনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন গরুর মালিক বাহার উদ্দিন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, খোকনের বিরুদ্ধে আরো ৪ টি মামলা রয়েছে। গরু চুরির ঘটনায় আটক ওই তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
এম২৪নিউজ/আখতার