মিঠাপুকুরে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে নাসরিন বেগম (২৩) নামে এক গৃহবধুকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (১৯ডিসেম্বর) সকালে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের কেশবপুর তকেয়াপাড়া থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নাসরিন রংপুর সদরের লক্ষনপাড়া গ্রামের ইলিয়াস আলীর মেয়ে ও পায়রাবন্দ ইউনিয়নের কেশবপুর তকেয়াপাড়া গ্রামের রাজু মিয়ার স্ত্রী।

এদিকে ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়েছে নিহতের স্বামী রাজু মিয়া। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানায়, সাত বছর আগে রংপুর সদরের লক্ষনপাড়া গ্রামের ইলিয়াস আলীর মেয়ে নাসরিনের সঙ্গে রাজু মিয়ার বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই ছিল। তাদের সংসারে ফাহিমা নামে ছয় বছরের এক কন্যা সন্তান রয়েছে। কিছুদিন আগে স্ত্রী নাসরিনের অনুমতি ছাড়াই গোপনে দ্বিতীয় বিয়ে করেন রাজু মিয়া। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই ছিল। বিষয়টি গ্রাম্য সালিস-বৈঠক করে আপোষ করা হয়। ঘটনার দিন গত শুক্রবার রাত ১০ টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে আবারো বাকবিতন্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এদিকে আজ সকালের দিকে প্রতিবেশিরা জানতে পায় শোবার ঘরের আড়ার সঙ্গে নাসরিনের লাশ ঝুলছিল। খবর পেয়ে মিঠাপুকুর পুলিশ ঘর থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের দাবী হত্যার পর নাসরিনের লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দিয়ে পালিয়েছে রাজু।

নিহতের ভাই মোকলেছার রহমান বলেন, বিয়ের পর থেকে আমার বোনকে নানা অজুহাতে মারডাং করতো রাজু। এ নিয়ে বহুবার মিমাংসা করে দেওয়া হয়। প্রতিবেশিদের মাধ্যমে জানতে পারলাম আমার বোন মারা গেছে। আমার ধারণা বোনকে পিটিয়ে হত্যার পর রাজু লাশ ঝুলিয়ে দিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।

এলাকাবাসীরা জানায়, রাজু মিয়া স্থানীয় একটি গার্মেন্টে শ্রমিকের কাজ করেন। সে মাদক সেবনসহ জুয়ার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে এলাকায় বহু অপকর্মের অভিযোগ রয়েছে।

মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বলেন, এটি হত্যা না আত্মহত্যা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রাজু ও তার স্বজনরা বাড়ি ছেড়ে পালিয়েছে। এ কারণে কাউকে গ্রেফতার করা যায়নি।

এম২৪নিউজ/আখতার