
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
মিঠাপুকুরে মুক্তিযুদ্ধকালীন সময়ের প্রায় ৬ কেজি ওজনের একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বুধবার মাটি খননের সময় মর্টার শেলটি বেরিয়ে আসে। বিকেলে মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
এলাকাবাসী জানায়, উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের লহনী বিলে মাটি খননকালে প্রায় ৬ কেজি ওজনের একটি মর্টার শেলটি পাওয়া যায়।
কর্মরত শ্রমিকরা বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ফয়জার রহমানকে জানালে তিনি মিঠাপুকুর থানা পুলিশকে অবহিত করেন।
বিকেলে মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সিদ্দিক মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
তিনি বলেন, ধারনা করা হচ্ছে উদ্ধারকৃত মর্টার শেলটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ের পাকিস্তানী হানাদার বাহিনীর ছোড়া। এ রিপোর্ট লেখা পর্যন্ত মর্টার শেলটি মিঠাপুকুর থানা পুলিশের হেফাজতে রয়েছে।
এম২৪নিউজ/আখতার