
অনলাইন ডেস্ক:
রংপুরের মিঠাপুকুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান চোলাই মদ সহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। আটক দম্পতি দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিলেন।
আটক দম্পতি হলেন, উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাটুল মিয়া (৪৫) ও তার স্ত্রী শাহেনা আক্তার (৪০)।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সেনাবাহিনীর পীরগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর শেখ রাশশাদ রহমান।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইসলামপুর বাইশা পাড়ায় অভিযান করা হয়। এ সময় গ্রেফতারকৃত দম্পতির বাড়ি থেকে ১’শ ৪২ লিটার দেশীয় মদ (চোয়ানি), ৯টি বোতলজাত মদ, ৭৫০ গ্রাম মদ তৈরির পাউডার, মদ তৈরির সরঞ্জাম, ৩টি মোবাইল ফোন ও নগদ ১২০০ টাকা জব্দ করা হয়। অভিযানে সেনাবাহিনীর ও মিঠাপুকুর থানা পুলিশের সদস্যরাও অংশগ্রহণ করেন।
সেনাবাহিনীর পীরগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর শেখ রাশশাদ রহমান জানান, বাটুল মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে মিঠাপুকুর থানায় আগের চারটি মাদক মামলা রয়েছে। আসামি ও জব্দকৃত মালামাল মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার