
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের টেবরার বাজার এলাকায় মেরিট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের নামে হযরতপুর মৌজায় ঘাঘট নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের দায়ে শনিবার বিকেলে বাদশা মিয়া (৪৫) নামে একজনকে হাতেনাতে আটক করা হয়।
তাকে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের কারাদন্ড প্রদান হয়েছে। গ্রেফতারকৃত বাদশা মিয়া পীরগাছার কৈকুড়ি এলাকার বাসিন্দা।
মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন বলেন, এলাকাবাসীর অভিযোগ এবং এ সংক্রান্ত বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবরের সুত্রে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ শনিবার (২৩ মার্চ) বিকেলে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে হাতেনাতে বাদশা মিয়াকে আটক করা হয় এবং তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়।
তিনি আরো বলেন, নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিন, পাইপ ও অন্যান্য সরঞ্জাম আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেথ্য, এলাকাবাসী একাধিকবার অভিযোগ করার পরেও দীর্ঘদিন থেকে বাদশা মিয়া তার সহযোগীদের নিয়ে মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের হযরতপুর মৌজায় ঘাঘট নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল।
এম২৪নিউজ/আখতার