
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে নিজ শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের ছোবলে আল-আমিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাত বারোটার দিকে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের চিতলী পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই গ্রামের মৃত. আব্দুল ছাত্তারের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতের খাবারের পর নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন আল আমিন। ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ আল-আমিনের হাটুর উপরে ছোবল মেরে চলে যায়। ছোবলের আঘাতে চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেন আল আমিন।
চিৎকারের শব্দ শুনে পরিবারের অন্যান্য সদস্যরা জেগে উঠেন। পরে অজ্ঞান অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষনা করেন।
এম২৪নিউজ/আখতার