
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ওয়াজ মাহফিলে পূর্বশত্রুতার জেরে স্থানীয় দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে হাকিম মিয়া (৬০) নামে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (২০ নভেম্বর) রাতে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার বড় হযরতপুর ইনিয়নের ভগবতিপুর গ্রামের আল আমিনের ছেলে নাইম ইসলাম (১৪) ওয়াজ মাহফিল শুনতে যান পার্শ্ববর্তী রসুলপুর গ্রামে।
একপর্যায়ে র্পূবশত্রুতার জের ধরে একই এলাকার ভ্যানচালক রঞ্জু মিয়ার ছেলে বাপ্পি মিয়ার সাথে নাইম ইসলামের মারামারি শুরু হয়। তাদের মারামারি থামাতে এগিয়ে যান ওই এলাকার সাবেক ইউপি সদস্য হাকিম মিয়া। এসময় দুই পক্ষের ধাক্কাধাক্কিতে তিনি কিছুটা আঘাতপ্রাপ্ত হন।
পরে স্থানীয় একটি দোকানে কিছুক্ষন বিশ্রাম নিয়ে রাত ১০টার দিকে বাড়ী ফেরার পথে তিনি হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবার বিষয়টিকে স্বাভাবিকভাবে নিয়েছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম২৪নিউজ/আখতার