মিঠাপুকুরে গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার

মো: শামীম আখতার:

রংপুরের মিঠাপুকুরে গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারী) রাতে ভাংনী ইউনিয়নের মাঠেরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার ভাংনী ইউনিয়নের কামালপুর গ্রামের আব্দুস সামাদ মেম্বারের ছেলের সাথে প্রায় ১৮ বছর আগে বিয়ে হয় পাশ্ববর্তী পীরগাছা উপজেলা সদরের পিয়ারপাড়া গ্রামের আব্দুল জলিলের মেয়ে জীবন নেছার। দাম্পত্য জীবনে একটি সন্তানের জন্ম হয়। জীবন নেছার সুখের কথা ভেবে তার পরিবার ৩ লক্ষাধিক টাকা ব্যয়ে একটি পাকা বাড়ি নির্মান করে দেয়। এরপরেও লালসা কমেনি যৌতুকলোভী পাষন্ড স্বামী রফিকুল ইসলামের। আবারও যৌতুকের জন্য ওই গৃহবধূর উপর চালানো হয় অমানুষিক নির্যাতন। গত ৩১ জানুয়ারী স্বামী, শশুর, ভাসুর ও ননদ মিলে গৃহবধূ জীবন নেছাকে হত্যার উদ্দেশ্যে অমানুষিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে ওই গৃহবধূ জ্ঞানহীন হয়ে পড়লে শশুর আব্দুস সামাদের হুকুমে তার শরীরে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা চালানো হয়। মেয়ে রোমানা বেগম (১৫) মাকে উদ্ধারের জন্য এগিয়ে আসলে তার উপরও নির্যাতন চালানো হয়। নির্যাতনে রোমানা বেগমের কানের পর্দা ফেটে যায়। পরে গ্রাম্য পুলিশের সহযোগীতায় ওই গৃহবধূকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

এ বিষয়ে ৭ জনকে আসামী করে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেন নির্যাতিতা ওই গৃহবধূ জীবন নেছা। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার রাতে ভাংনি মাঠের হাট এলাকা থেকে মামলার প্রধান আসামী রফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

মিঠাপুকুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, গৃহবধূকে পুড়িয়ে হত্যা চেষ্টার মামলার প্রধান আসামী রফিকুল ইসলামকে বুধবার রাতে গ্রেফতারের পর বৃহস্পতিবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply