
স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):
রংপুরের মিঠাপুকুরে ঘাঘট নদীতে ডুবে লাদেন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে । গতকাল শুক্রবার দুপুরের দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
নিহত লাদেন মিয়া উপজেলার ভাংনী ইউনিয়নের ত্রিমোহিনী ফতেপুর গ্রামের হাকিম মিয়ার ছেলে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বন্ধুদের সাথে বাড়ির পাশে ঘাঘট নদীতে মাছ ধরতে যান লাদেন মিয়া। হঠাৎ করে তিনি পানির নিচে তলিয়ে যান। বন্ধুরা অনেক চেষ্টা করেও তাকে পাননি। পরে গ্রামবাসিকে খবর দেন তার বন্ধরা। কিন্তু অনেক চেষ্টা করেও খুঁজে পাওয়া যায়নি লাদেনকে। খবর পেয়ে মিঠাপুকুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে ৩ ঘন্টা চেষ্টার পর ওই যুবকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাঘট নদীর ত্রিমোহনী এলাকায় শুকনো মৌসুমে বালু উত্তোলনের ফলে গভীর গর্তের সৃষ্টি হয়। বর্তমানে নদীতে পানি বেড়ে যাওয়ায় গর্তের ওপর দিয়ে স্রোত বয়ে যাচ্ছে। ওই গর্তে ডুবে মারা যান লাবিবুর রহমান লাদেন।
এম২৪নিউজ/আখতার