মিঠাপুকুরে নিখোঁজের চার দিন পর পুকুর থেকে নববধূর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা (মিঠাপুকুর):

রংপুরের মিঠাপুকুরে নিখোঁজ হওয়ার চার দিন পর পুকুর থেকে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে একটি পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী।

নিহত ওই নববধূর নাম মোছা. শাহানাজ বেগম। তিনি উপজেলার ইমাদপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ৬ মাস আগে পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার শানেরহাটের পাহাড়পুর গ্রামের রুবেল মিয়ার সঙ্গে শাহানাজের বিয়ে হয়েছিল। বিয়ের পর নবদম্পতি ঢাকায় গার্মেন্টে চাকরি নেন। শাহানাজের বাবা-মাও ঢাকায় গার্মেন্টে কাজ করেন। প্রায় এক মাস আগে শাহানাজ স্বামীর সঙ্গে ঝগড়া করে গ্রামে বাবার বাড়িতে চলে যান। সেখানে তিনি একাই বসবাস করছিলেন।

তার চাচা শহিদুর রহমান বাদশা জানান, গত শনিবার সকাল ১০টায় শাহানাজ বাড়ি থেকে বাইরে বের হন। এরপর আর বাড়ি ফিরে আসেরনি। ওই সময় আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। চার দিন পর মঙ্গলবার সকালে স্থানীয় বাজারের পাশে একটি মুরগির খামার-সংলগ্ন পুকুরে পানিতে ভাসমান অবস্থায় লাশ দেখে এটি শাহানাজের বলে শনাক্ত করা হয়।

শাহানাজ বেগমের বাবা শহিদুল ইসলাম বলেন, ‘আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করে লাশ পুকুরে ডুবিয়ে রাখা হয়েছিল। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

M24news/এসএ

২ thoughts on “মিঠাপুকুরে নিখোঁজের চার দিন পর পুকুর থেকে নববধূর লাশ উদ্ধার

Leave a Reply