
নিজস্ব সংবাদদাতা, মিঠাপুকুর:
সীমানা প্রাচীর নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের দেওয়া বিষে এক হাজারেরও বেশি হাঁস মারা গেছে দুই সহোদর খামারীর। প্রতিপক্ষ লোকজনের এমন নিষ্ঠুর আচণের পর সর্বস্ব হারিয়ে পথে নামতে বসেছেন ওই সহোদর। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্থ্য খামারী দুই ভাই। শুক্রবার রাতে মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
ক্ষতিগ্রস্থ্যদের পরিবারের সদস্য ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ইমাদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের গংধরা পাড়ার মোকলেছার রহমানের দুই ছেলে নুরুল ইসলাম সাজু ও আনারুল ইসলাম যৌথ ব্যবস্থাপনায় তাদের বাড়ির পাশে চতলার মাঠে পৈত্রিক সম্পািত্তর ওপর একটি হাঁসের খামার স্থাপন করেন। খামারে এক হাজার পাঁচটি হাঁস লাগিয়ে পরিচর্যা করছেন। এর মধ্যে নয়শত টি হাঁস প্রতিদিন ডিম দিচ্ছে।
খামারী ওই দুইভাইয়ের সাথে প্রতিবেশি সফি মিয়া ও করিম মিয়ার জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন থেকে। এর জের ধরে গত শুক্রবার রাতে প্রতিপক্ষগণ ৮ থেকে ১০ জন লোকসহ হাঁসের খামারে ঢুকে খাবারে বিষ প্রয়োগ করে। এসময় নৈশ প্রহরী সুনীল চন্দ্র টর্চ লাইটের আলোয় সফি মিয়া ও করিম মিয়াসহ ৮/১০ জনকে দেখতে পান। নৈশ প্রহরীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। বিষ প্রয়োগের ফলে খামারের হাঁসগুলো মারা যায়।
এ কারণে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারী নুরুল ইসলাম সাজু। এ ঘটনায় তিনি বাদি হয়ে প্রতিপক্ষ সফি ও করিমসহ অজ্ঞাতনামা ৮/১০ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দিয়েছেন।
মিঠাপুকুর থানায় ওসি জাফর আলী বিশ্বাস বলেন, অভিযোগ তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।
M24news/এসএ