
দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
মিঠাপুকুরের বৈরাতী হাটে মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে থাকা সজ্জিত গেটে লাগানো বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের সাধারন সম্পাদকের ছবির উপরে পোড়া মবিলের কালি লেপন করে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার রাতে এ ঘটনায় এলাকাবাসী ও স্থানীয় আওয়ামীলীগের মানুষজন ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এ ঘটনায় পরদিন শুক্রবার পুলিশ প্রশাসন ও উপজেলা চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেছেন। সেদিন রাতেই দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।
এলাকাবাসী ও স্থানীয়রা জানায়, বৈরাতীহাটে মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের ওই অফিস প্রতিদিন সকাল হতে রাত আনুমানিক ১২টা পর্যন্ত খোলা থাকে। গত বৃহষ্পতিবার রাতে তারা অফিস বন্ধ করে চলে যাবার পর দুর্বৃত্তরা রাতের কোন এক সময়ে ওই অপকর্ম করে।
পরদিন শুক্রবার সকালবেলা এলাকাবাসী এ ঘটনা দেখতে পায়। এলাকাবাসীর অনেক লোকজনের সাথে কথা বলে জানা গেছে, আওয়ামীলীগের ওই অফিসের সংগে থাকা চৌকিতে বৈরাতীহাট বনিক সমিতির নিযুক্ত নৈশ প্রহরী সারারাত ডিউটি করে, তাদের চোখ ফাঁকি দিয়ে এ ঘটনা ঘটানোর বিষয়টি এলাকাবাসীর কাছে রহস্যজনক।
এদিকে, এঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার সন্ধ্যায় বৈরাতিহাটে এলাকাবাসী ও স্থানীয় আওয়ামীলীগ সমর্থিত বিক্ষুদ্ধ মানুষজন প্রতিবাদ মিছিল করে অপকর্মকারীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানান।
মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন সরকার, বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এবং মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস জানান, এ বিষয়ে বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্র এবং মিঠাপুকুর থানা পুলিশের যৌথ তদন্ত অব্যাহত আছে। দোষীদের সনাক্ত সাপেক্ষে আইনী ব্যাবস্থা গ্রহন করা হবে।
এম২৪নিউজ/আখতার