মিঠাপুকুরে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে পথরোথ করে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুষ্কৃতিকারীরা। আহত যুবক সুমন মন্ডল বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার দেউল মির্জাপুর বাজারের মজিদের ঘাট রাস্তায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সুমন মন্ডল বাদী হয়ে মিঠাপুকুর থানায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার মির্জাপুর ইউনিয়নের শিট দেউলপাড়া গ্রামের সিএনজি চালক সুমন মন্ডল মঙ্গলবার রাতে বাড়ি ফিরছিলেন। এ সময় মজিদের ঘাট রাস্তার পাশের একটি বাশঁঝাড়ে লুকিয়ে ছিলেন একই গ্রামের মাসুদ রানা, দুলাল ও আশিকুর রহমানসহ আরও কয়েকজন। তারা লোহার রড এবং দেশীয় অস্ত্রের মুখে সিএনজি চালক সুমনের পথরোধ করে রাস্তার পাশের বাশঁঝাড়ে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করেন। এতে সুমনের হাত-পা, কোমড়সহ শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত হয়। তবুও প্রতিক্ষের টর্চার থামেনি। প্রতিপক্ষ মাসুদ তার হাতে থাকা ছোরা দিয়ে সুমনের মাথায় কুপিয়ে মেরে ফেলার চেষ্টা করেন। এ সময় সিএনজি চালক সুমনের চিৎকারে পথচারীরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে সুমনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সুমন মন্ডল বলেন, আমরা খুব গরীব। বোঝার বয়স থেকেই নিজের গ্রাম ছেড়ে ঢাকা-চট্রগ্রামসহ বিভিন্ন এলাকায় কাজ করে দিনযাপন করে আসছি। এখন গ্রামে এসে বাবার সামান্য বসতভিটায় বাড়ি করতে চাইলে সুমন ও তার লোকজন জমিটা তাদের দাবি করে বাধা দেয়। এ বিষয়ে আমি থানায় অভিযোগ করলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আল্লাহর রহমতে বেচেঁ গেছি। আমি সঠিক বিচার চাই।

এ বিষয়ে জানতে প্রতিপক্ষ মাসুদ রানার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এমনকি তার মোবাইল নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, এ ঘটনায় সুমন নামে এক যুবক অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply