
নিউজ ডেস্ক:
দেশে আলুর চাহিদা প্রতি বছর ৬৫-৭০ মেট্রিক টন। উৎপাদন প্রায় এক কোটি মেট্রিক টন। যার এক চতুর্থাংশ অর্থাৎ প্রায় ২৫ লাখ মেট্রিক টন আলু আসে রংপুর বিভাগীয় অঞ্চল থেকে। রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা ও লালমনিহাট জেলা থেকে এসব আলু দেশের অন্যান্য জেলায় সরবারাহ করা হয়।
কৃষি সম্প্রসারণ বিভাগ রংপুর অঞ্চলের প্রধান খন্দকার আব্দুল ওয়াহেদ জানান, এবার রংপুর অঞ্চলের পাঁচ জেলায় ৯৭ হাজার ৩১৫ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৪ লাখ ৮৬ হাজার ১৮২ মেট্রিক টন। যা দেশে মোট উৎপাদনের চার ভাগের এক ভাগ।
রংপুর জেলা কৃষি কর্মকর্তা ওবায়দুর রহমান মণ্ডল জানান, রংপুর জেলায় এবার ৫৩ হাজার ৫২৫ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ লাখ ৫৬ হাজার ২৫ মেট্রিক টন। গত বছর ৫০ হাজার ৬৬৫ হেক্টর জমিতে উৎপাদন হয়েছিল ১৩ লাখ ৩৭ হাজার ৫৯৫ মেট্রিক টন আলু।
এক যুগেরও বেশি সময় ধরে দেশের অন্যতম অর্থকরী ফসলের তালিকায় নাম লিখিয়েছে আলু। এ ফসল উৎপাদনে দেশের অন্যতম প্রধান জেলা রংপুর। তবে সংরক্ষণের পর্যাপ্ত সুযোগ না থাকা এবং ভরা মৌসুমে দাম না পাওয়ায় অধিকাংশ সময়ই ক্ষতিগ্রস্ত হন আলু চাষিরা। রংপুর জেলায় ৩৫টি হিমাগারে আলু সংরক্ষণের সক্ষমতা রয়েছে মাত্র চার লাখ মেট্রিক টন। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার