নৈশপ্রহরীকে হত্যা করে ডাকাতি

নিউজ ডেস্ক:

কুড়িগ্রামের চিলমারীতে নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে হত্যা করে তিনটি দোকান লুট করেছে ডাকাতরা। এ সময় সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে।

রোববার রাতে ওই উপজেলার জোড়গাছ বাজারে এ ঘটনা ঘটে। এ সময় প্রায় ২২ লাখ টাকা লুট করেছে ডাকাতরা।

নিহত এরশাদুল হক ওই বাজারে ১০ বছর ধরে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন।

জোড়গাছ বাজার কমিটির সেক্রেটারি মিজানুর রহমান মুকুল জানান, এরশাদুল হককে একটি চায়ের দোকানের সামনে বাঁশের সঙ্গে হাত-পা বেঁধে মুখে গামছা গুজে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ডাকাতি ও হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে।

চিলমারী থানার ওসি আমিনুল ইসলাম জানান, বাজারের ব্যবসায়ী নজির হোসেন, ফারুক মিয়া ও লাবু মিয়ার দোকানে ডাকাতি হয়েছে। ঘটনাস্থল থেকে এক পাটি জুতা উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে। দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।