বিয়ের চার মাসেই যৌতুকের বলি গৃহবধূ

নিউজ ডেস্ক:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ের চার মাসের মাথায় যৌতুকের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাবিনা ইয়াসমিন তমা নামের এক গৃহবধূ। 

শনিবার উপজেলার বঙ্গ সোনাহাট ইউপির কলেজ মোড় সংলগ্ন ভরতের ছড়া গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, উপজেলার বলদিয়া ইউপিরর পশ্চিম কেদার গ্রামের ছামাদ খাঁনের কন্যা সাবিনা ইয়াছমিন তমার সঙ্গে বঙ্গ সোনাহাট ইউপির ভরতের ছড়া গ্রামের আল আমিনের ছেলে রফিক মিয়ার সঙ্গে চার মাস আগে বিয়ে হয়।

রফিক মিয়া মাদক ও জুয়ায় আসক্ত হওয়ায় মোটা অংকের টাকা দাবি করে স্ত্রীকে বাপের বাড়ি থেকে টাকা আনতে বলতেন। টাকা এনে দিতে না পারলে বিভিন্ন সময় তিনি স্ত্রীকে মারধর করতেন। 

নিহত গৃহবধূর বড় ভাই আব্দুল হাকিম বলেন, শনিবার বিকেলে জানতে পারি তমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে বোনের শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে থানা পুলিশকে ঘটনাটি জানাই। পরে রাত ৯টার দিকে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার ওসি মুহা. আতিয়ার রহমান জানান, এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার