
নিউজ ডেস্ক:
করোনাকালীন সময়ে ঘরবন্দী থাকা গ্রামবাসীদের বিনোদন দেয়ার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুড়িগ্রামের বেলগাছায় নানা গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে খেলায় বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী ব্যতিক্রমধর্মী এ আয়োজন করেছে যুব স্বেচ্ছাসেবী সংগঠন ইয়েস বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা।
গ্রামীণ খেলাগুলো ছিল বিস্কুট দৌড়, হাড়িভাঙ্গা, বালিশ খেলা, সুঁই সুতা, সাঁতার, বিবাহিত পুরুষদের জন্য মহিলাদের ছবির কপালে টিপ দেয়া, চোখ বেঁধে হাাঁস ধরা, তৈলাক্ত কলার গাছে চড়া, রশি টেনে শক্তির খেলা, যেমন খুশি তেমন সাজ। সকল বয়সের ৮৮জন নারী পুরুষ ১১টি খেলায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে বিজয়ী ৩৩জনকে পুরস্কৃত করা হয়।
শিশু-কিশোর থেকে বৃদ্ধ বয়সী মানুষের আগমনে মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। এসব খেলা দেখতে এলাকার সব বয়সী মানুষের অংশ গ্রহণে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ। দীর্ঘদিন ঘরবন্দী স্থবির জীবনে এক টুকরো স্বস্তি পেতে সবাই মেতে ওঠে এক নির্মল আনন্দ আর উচ্ছাসে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. জাফর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি অ্যাড.আহসান হাবীব নীলু। খেলাধুলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইয়েস বাংলাদেশের কুড়িগ্রাম জেলা সভাপতি রেজওয়ানুল হক নুরনবী। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার