রৌমারী সীমান্তে নদী থেকে গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:

রৌমারী সীমান্তে জিঞ্জিরাম নদী থেকে খয়বর রহমান (৪৫) নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোররাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর সীমান্তে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, ভোররাতে একদল গরু ব্যবসায়ী ১০৫৬-৫৭ নং মেইন পিলার দিয়ে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে অবৈধভাবে আঁড়কির মাধ্যমে গরু পাচার করছিল। এসময় ভারতের গুটলি গাঁও ক্যাম্পের বিএসএফ চোরাকারবারিদের ধাওয়া করলে খয়বর রহমান সীমান্তের সন্নিকটে জিঞ্জিরাম নদীতে ঝাপ দেয়। সাথে থাকা অন্য চোরাকারবারিরা পালিয়ে আসতে সক্ষম হয় । পরে দুপুরের দিকে জেলেদের মাছ ধরা জালে লাশ উঠে আসে। এঘটনা রৌমারী থানার পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে থানায় আনা হয়। নিহত যুবক দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা গ্রামের নজির হোসেনের ছেলে। তার ৪ ছেলে সন্তান রয়েছে।

জামালপুর ৩৫ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদ জানান, অবৈধভাবে আর্ন্তজাতিক সীমানা পেরিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাকে ধাওয়া করে। এতে সে নদীতে ঝাপ দেয়। সেখানেই সে পানিতে তলিয়ে যায় এবং মৃত্যুবরণ করে। তবে তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।

রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মোহাম্মদ দিলওয়ার হ্সান ইনাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে।

সূত্র: ইত্তেফাক অনলাইন।