গাইবান্ধায় অনুমোদনহীন স্কিন ক্রিম বিক্রির দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা

রংপুর অফিস:

গাইবান্ধায় অনুমোদনহীন স্কিন ক্রিম বিক্রির অভিযোগে গাইবান্ধায় চার প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সন্ধার আগে সদর উপজেলার সুপার মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) রংপুর বিভাগীয় কার্যালয়, গাইবান্ধা জেলা প্রশাসন ও গাইবান্ধা র‌্যাবের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার।

ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর ও বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) দেলোয়ার হোসেন জানান, অনুমোদনহীন স্কিন ক্রিম বিক্রির অপরাধে পার্কভিউ সুপার মাকের্টের দুলু অ্যান্ড সন্সকে ৩০ হাজার, আলতাব স্টোরকে ৩০ হাজার, স্টেশন রোডের বিগবাজারকে ১০ হাজার এবং সেলিম স্টোরকে পাঁচ হাজারসহ মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের নকল কসমেটিকস ধ্বংস করা হয়েছে।অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ফিল্ড অফিসার (সিএম) দেলোয়ার হোসেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply