গাইবান্ধায় ‘আল্লাহর দল’এর দুই সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’–এর দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার বিকেলে রংপুর র‌্যাব-১৩–এর সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা মো. হালিউজ্জামান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার দুজন হলেন আবদুল আলীম মণ্ডল ও শফিউল ইসলাম। তারা আল্লাহর দলের সক্রিয় সদস্য।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত আটটার দিকে রংপুর র‌্যাব-১৩–এর একটি দল পলাশবাড়ী থানার মেরির হাটবাজার এলাকায় অভিযান চালিয়ে আবদুল আলীম মণ্ডল ও শফিউল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই ও প্রচারপত্র জব্দ করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবদুল আলীম মণ্ডল এর আগে কুড়িগ্রাম জেলায় নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের প্রধান সমন্বয়ক এবং সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত ছিলেন। শফিউল ইসলাম গাইবান্ধা জেলার পলাশবাড়ী এলাকায় থাকার কথা স্বীকার করেছেন। তারা শীর্ষ নেতাদের কাছ থেকে বায়াত গ্রহণ করে নিয়মিতভাবে দলের জন্য চাঁদা সংগ্রহসহ দলীয় কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। পরে তাদের এক মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply