গাইবান্ধায় ভূট্টা ক্ষেত থেকে তরুণীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:

গাইবান্ধার ফুলছড়িতে একটি ভুট্টা ক্ষেত থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচন্ডি গ্রামের আন্ডার চর থেকে লাশটি উদ্ধার করা হয়।

ফুলছড়ি থানার ওসি (তদন্ত) তাজুল ইসলাম জানান, সকালে ওই চরের একটি ভুট্টা ক্ষেতে লাশটি দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফুলছড়ি থানার ওসি কাওছার আলী বলেন, উদ্ধার হওয়া লাশটি আনুমানিক ১৬ বছর তরুণীর। তার গায়ে ছিল লাল ও কালো রঙের গ্রামীণ চেকের জামা এবং পরনে কালো রঙের পায়জামা। পায়ে ছিল কালো রঙের হিল। এছাড়া গলায় হালকা গোলাপি রঙের ওড়না পেঁচানো ছিল।

তিনি আরো জানান, নিহত তরুণীর চোখের উপরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার পর কেউ লাশটি ভুট্টা ক্ষেতে রেখে যায়। তবে ধর্ষণের কোন ঘটনা ঘটেছে কিনা ময়নাতদন্তের পর তা জানা যাবে। সূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার