
অনলাইন ডেস্ক:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৮২৫ পিস ইয়াবাসহ আটক জাহাঙ্গীর আলম (৩৯) নামে কথিত এক জ্বীনের বাদশাকে বৃহস্পতিবার (১১ মার্চ) আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ উপজেলার চক সিংহডাঙ্গা গ্রামের ওসমান গণির পুকুরপাড় থেকে তাকে আটক করে।
পরে পুলিশ তার দেহ তল্লাসী করে ৮২৫ পিস ইয়াবা উদ্ধার করে। আটক জাহাঙ্গীর আলম ওই গ্রামের মৃত. আজাহার আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে জ্বীনের বাদশা সেজে মোবাইল ফোনের মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে ঢাকা ও নারায়নগঞ্জে পৃথক দুটি প্রতারণার মামলাও রয়েছে। এছাড়া সে একজন পেশাদার মাদক ব্যবসায়ীও। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার