
নিউজ ডেস্ক:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ঘোষপাড়া এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র তিন সদস্যকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন- আব্দুস সালাম, সাজু মিয়া ও সেকেন্দার আলী। তারা রংপুর, পঞ্চগড় ও গাইবান্ধার বাসিন্দা।
শুক্রবার বিকেলে র্যাব-১৩ এর এএসপি (মিডিয়া) খন্দকার গোলাম মোর্ত্তুজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গোবিন্দগঞ্জ পৌরসভার ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিপুলসংখ্যক জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, ২০০৬ সাল থেকে তারা আল্লাহর দলের গাইবান্ধা অঞ্চলের কার্যক্রম চালাচ্ছেন। তারা নিয়মিত গোপন বৈঠকে অংশ নিয়ে সদস্য ও অর্থ সংগ্রহের দায়িত্ব পালন করতেন।
সূত্র: ছবি- ইত্তেফাক অনলাইন, তথ্য- ডেইলী বাংলাদেশ।