
নিউজ ডেস্ক:
গাইবান্ধার ফুলছড়িতে বৃহস্পতিবার রাতে এক বালু ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ফুলছড়ির ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান দোলন এ জরিমানা করেন।
আইন অমান্য করে কাজল ট্রেডার্স কর্তৃপক্ষ ব্রহ্মপুত্র নদ থেকে উঠানো বালু ট্রাক দিয়ে পরিবহন করে নিয়ে যাওয়ার সময় ফুলছড়ির ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান দোলন ও ফুলছড়ি থানার ওসি কাওছার আলী বালাসীঘাট এলাকায় ট্রাকটিকে আটক করেন।
ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স কাজল ট্রেডার্সের ট্রাক ড্রাইভার সৈয়দ আব্দুল মোত্তালেব বাবুকে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন। জরিমানার টাকা তাৎক্ষণিক জমা দিলে আটক ট্রাক ও ড্রাইভারকে মুক্ত করে দেয়া হয়।
ইউএনও আবু রায়হান দোলন বলেন, কিছুদিন থেকে ব্রহ্মপুত্র নদের বালাসীঘাট এলাকা থেকে গাইবান্ধা শহরের মেসার্স কাজল ট্রেডার্সের কর্তৃপক্ষ অবৈধভাবে বালু উঠিয়ে বিক্রি করছিল। বিষয়টি নজরে আসায় বৃহস্পতিবার রাতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
সূত্র: ডেইলী বাংলাদেশ।