
নিউজ ডেস্ক:
বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় গাইবান্ধা সদর ও সাদুল্লাপুর উপজেলার ছয় ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালান গাইবান্ধা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুস ছালাম, গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মুন্না বিশ্বাস ও জেলা বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা শাহ মোয়াজ্জেম হোসেন।
গাইবান্ধা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা গেছে, দেশি পেঁয়াজ ৫৮ টাকা কেজি দরে কিনে ৮০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৪৬ টাকায় কিনে ৭০ টাকা কেজি দরে বিক্রি করছিলেন ব্যবসায়ীরা। এমন খবরে প্রথমে জেলার সবচেয়ে বড় কাঁচা বাজারের আড়ৎ পুরাতন বাজারে অভিযান চালানো হয়। সেখানে চার ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে একজনকে ১০ হাজার টাকা, দুইজনকে পাঁচ হাজার টাকা করে ও আরেকজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর অভিযান চালানো হয় জেলা শহরের আরেক কাঁচা বাজারের আড়ৎ নতুন বাজারে। সেখানেও বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসা প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। শেষে অভিযান চালানো হয় সাদুল্লাপুর উপজেলা শহরের প্রধান কাঁচা বাজারের আড়ৎ সাদুল্লাপুর বাজারে। সেখানে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
গাইবান্ধা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুস ছালাম বলেন, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ার খবর শুনে গাইবান্ধার বাজারগুলোতে বেড়েছে পেঁয়াজের দাম। তাই গাইবান্ধার ডিসির নির্দেশে এ অভিযান চালানো হয়। ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার