একজন মানুষও শীতে কষ্ট পাবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, একজন মানুষও শীতে কষ্ট পাবে না, কেউ গৃহহীন হয়ে থাকবে না। গৃহ নির্মাণে  প্রতিটি মানুষের পাশে থাকবে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। 

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে অসহায় দুস্থ ও শীতার্তদের হাতে কম্বল, শিশুদের সোয়েটার ও শিশু খাদ্য বিতরণের সময় তিনি এসব কথা বলেন। 

ঠাকুরগাঁও জেলার গৃহহীনদের জন্য তিন কোটি টাকা ব্যয়ে ১০০ ঘর দেয়ার আশ্বাস দিয়েছেন।  

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় মানুষের পাশে থেকে কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। শীতার্তদের পাশে দাঁড়াতে ঠাকুরগাঁওসহ উত্তরবঙ্গ সফরে আসা হয়েছে।  

এ সময় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ও ত্রাণ অধিদফতরের মহাপরিচালক মো. মোহসীন, অতিরিক্ত সচিব আকরাম হোসেন, ডিসি ড. কেএম কামরুজ্জামান সেলিমসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্ত্রী জেলা শীতার্ত ও ছিন্নমুল, দুস্থ শিশুদের হাতে ৫শ কম্বল, ৪শ সোয়েটার ও ১২৫ জার হরলিক্স বিতরণ করেন। এর আগে দুপুরে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডিসির সম্মেলন কক্ষে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন।

সূত্র: ডেইলী বাংলাদেশ।