
অনলাইন ডেস্ক:
ঠাকুরগাঁও পৌর এলাকার গোবিন্দ নগর মুন্সির হাটে এক বৃদ্ধা ভিক্ষুকের ৯ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। বৃদ্ধা মহেলা বেগম গোবিন্দ নগর মুন্সির হাট এলাকার মজির উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, মহেলা বেগম দীর্ঘদিন ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন। চুরি বা হারিয়ে যাওয়ার ভয়ে ভিক্ষা করে জমানো টাকা সব সময় তার শাড়ির আচঁলেই বেঁধে রাখতেন তিনি।
মহেলা বেগম বলেন, সারা দিন ভিক্ষা করে গতকাল সোমবার বিকেলে মুন্সির হাটে রাস্তার পার্শ্বে বসে টাকাগুলো গণনা করছিলাম। এমন সময় দুইজন তরুণ কিল-ঘুষি মেরে ৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ সময় টাকা হারানোর কষ্টে হা-হুতাশ করতে থাকেন ওই বৃদ্ধা ভিক্ষুক।
তিনি বিলাপ করতে করতে বলেন, আমি একজন গরিব মানুষ। অনেক কষ্টে খেয়ে না খেয়ে টাকা গুলো জমিয়েছিলাম চিকিৎসা করানোর জন্য। এখন কি করবো। আমার চিকিৎসা কিভাবে হবে। আমি প্রশাসনের সহযোগীতা চাই। এর বিচার চাই।
এ ব্যাপারে সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, বৃদ্ধা ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার