
নিউজ ডেস্ক:
দিনাজপুরের বীরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে শারীরিক মিলনের ভিডিও নিয়ে থানায় হাজির হয়ে মামলা করেছেন এক নারী।
ধর্ষণ মামলায় অভিযুক্ত উপজেলার নিজপাড়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুল খালেক সরকার সৈদপুর কল্যাণী গ্রামের তছলিম উদ্দিনের ছেলে।
বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল মতিন প্রধান জানান, ওই নারী বিদেশে থাকা অবস্থায় নিজপাড়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুল খালেক সরকারের সঙ্গে মোবাইল ফোনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক তৈরি করে। দেশে আসার পর বিয়ের প্রলোভন দেখিয়ে খালেক সরকার তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে। বর্তমানে বিয়ে করতে অস্বীকার করলে ওই নারী কৌশলে তাদের শারীরিক মিলনের কিছু চিত্র ভিডিও ধারণ করেন।
বুধবার তিনি নিজে বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ইউপি চেয়ারম্যান মো. আব্দুল খালেক সরকার বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে পর পর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। তাই প্রতিহিংসাপরায়ণ হয়ে একটি কুচক্রী মহল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। এটি সেই ষড়যন্ত্রের অংশ।
মামলার তদন্তকারী অফিসার এসআই নাজমুল ইসলাম জানান, মামলার তদন্ত কাজ ও আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসামিকে আইনের আওতায় আনা হবে।
দুপুরে খালেক সরকারের বিচারের দাবিতে পৌর শহরের বিজয় চত্বর এলাকায় বীরগঞ্জবাসীর ব্যানারে একটি মানববন্ধন হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার