
নিউজ ডেস্ক:
দিনাজপুরের ফুলবাড়ীতে জঙ্গল থেকে পরনের শাড়ি দিয়ে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার শিবনগর ইউপির চকচবির মিরপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জঙ্গলের মালিক আব্দুর রাজ্জাক জানান, সকালে ভুট্টা ক্ষেত পরিচর্যা করতে ওই জঙ্গল দিয়ে যাওয়ার সময় ইউক্যালিপটাস গাছের নিচে ওই নারীকে পড়ে থাকতে দেখে গ্রামবাসীকে জানান। পরে গ্রাম পুলিশের মাধ্যমে থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে ওই নারীর মরদেহ উদ্ধার করে। নিহত ওই নারীকে এলাকায় কেউ চিনতে পারেননি।
এলাকাবাসী জানান, ধারণা করা হচ্ছে ওই নারীকে অন্য কোথাও থেকে নিয়ে এসে ধর্ষণের পর পড়নের শাড়ি দিয়ে তার হাত বেঁধে এবং নাইলনের দড়ি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পর ওই দড়ি দিয়ে গাছের গোঁড়ার সঙ্গে বেঁধে রেখে দুষ্কৃতিকারীরা পালিয়ে গেছে। ঘটনার সঙ্গে একাধিক দুষ্কৃতিকারী থাকতে পারে বলেও ধারনা করছেন এলাকাবাসী।
ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম জানান, নিহত নারীকে স্থানীয়রা কেউ নাম ও পরিচয় শনাক্ত করতে পারছেন না। মরদেহটিকে ঘিরে রাখা হয়েছে। পিবিএ এবং সিআইডির টিম আসলে তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে হত্যার কারণ বলা যাবে। খবর পেয়ে ফুলবাড়ীর ইউএনও মো. রিয়াজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। সুত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার