
নিউজ ডেস্ক:
দিনাজপুর সদর উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মূল আসামি মো. সাগরকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। ধর্ষণের সহযোগিতায় অভিযুক্ত অপর আসামি নুর আলম পলাতক রয়েছে।
রোববার দুপুর দেড়টায় সাংবাদিকদের এসব তথ্য জানান দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন।
দিনাজপুর শহরের শেখপুরা গ্রামে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে মামলার মূল আসামিকে গ্রেফতার করে। এর আগে শনিবার রাতে ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতয়ালী থানার এসআই বদিউজ্জামান জানান, ২৫ সেপ্টেম্বর রাতে দিনাজপুর শহরের শেখপুরা গ্রামের ওই ছাত্রীকে একই গ্রামের মো. আমিনুর হকের ছেলে সাগর নিজ বাসায় ধর্ষণ করে। এ সময় বন্ধু সাগরকে সহায়তা করে একই এলাকার মাসুদ আলমের ছেলে নুর আলম।
তিনি আরো জানান, মামলা দায়েরের পর থেকে আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হয়। রাতে শেখপুরা এলাকা থেকে সাগরকে গ্রেফতার করা হয়। মামলার অপর আসামি নুর আলমকে গ্রেফতারে অভিযান চলছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আসামি সাগর একই এলাকার পঞ্চম শ্রেণির ছাত্রীকে প্রেম নিবেদন ও উত্যক্ত করে আসছিলো। এ কাজে তাকে সহায়তা করে অপর আসামি নুর আলম। গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নুর আলম ভিকটিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে সাগরের বাড়িতে যায়। ওই সময় বাড়িতে কেউ না থাকায় সাগর তার নিজ কক্ষে ধর্ষণ করে।
পরে ভিকটিম বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এ ঘটনায় শনিবার দিবাগত রাতে ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। দুপুর আড়াইটায় গ্রেফতার সাগরকে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (আমলি আদালত-১) সোপর্দ করা হয়েছে।
কোতয়ালী থানার ওসি জানিয়েছেন, নির্যাতিতা স্কুলছাত্রীকে ফরেনসিক রির্পোটের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার