হাকিমপুরে বন্দুকযুদ্ধে ডাকাত সরদার নিহত

নিউজ ডেস্ক:

দিনাজপুরের হাকিমপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত সরদার নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কহিদুল ইসলাম উপজেলার ধাওয়া নশিপুর গ্রামের সালামত প্রধানের ছেলে। তিনি ডাকাত দলের সরদার বলে দাবি পুলিশের।

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, রাতে কাশিয়াডাঙ্গা গ্রামে ডাকাতি হচ্ছে এমন সংবাদে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় কহিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, এ ঘটনায় এসআই মাহে আলম ও কনস্টেবল ফজলুল হক গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, তাজা গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।