
নিউজ ডেস্ক:
ড্রেনে পড়ে যাওয়া ছোট্ট দুই কুকুর ছানার জীবন বাঁচিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন ফায়ার ফাইটাররা। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে পঞ্চগড় জেলা শহরের ইসলামবাগ এলাকায়। এরই মধ্যে এ খবরটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রতিক্রিয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রশংসায় ভাসছেন ফায়ার ফাইটাররা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা শহরের ইসলামবাগ মসজিদ সংলগ্ন সড়কের পাশের পৌরসভার ড্রেনটিতে মঙ্গলবার বিকেলে পড়ে যায় ছোট্ট দুটি কুকুর ছানা। পড়ার সঙ্গে সঙ্গে কুকুর ছানা দুটি পানির সঙ্গে ড্রেনের ভেতরে চলে যায়। পড়ে যাওয়া কুকুর ছানা দুটি বাঁচার জন্য অবিরাম কান্না করছিল। ড্রেনের ওপরে কান্না করছিল কুকুর ছানা দুটির মাও। পাশেই অবাক হয়ে দেখছিল বাকি ছানাগুলোও। কিন্তু মা ও ছানার কান্না স্পর্শ করতে পারেনি কোনো পথিককে।
মসজিদ থেকে আসরের নামাজের শেষে ফেরার পথে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিরা এ দৃশ্য দেখতে পান। শুরুতে তারা নিজেরা কুকুর ছানা দুটি উদ্ধারের চেষ্টা করেন। পরে ব্যর্থ হয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের একটি দল। কোনো কথা না বাড়িয়ে দ্রুত তারা নেমে পড়েন কুকুর ছানা দুটি উদ্ধারে। ফায়ার লিডার সলেমান আলীর নেতৃত্বে কুকুর ছানা দুটি উদ্ধারে ড্রেনে নেমে পড়ে ফায়ার ফাইটার আবু সাইদ, মাসুদ রানা, নাহিদ হাসান, আব্দুল্লাহ আল মামুন। তাদের সহযোগিতা করেন গাড়ি চালক শাহিনুর ইসলাম।
সাধারণভাবে উদ্ধার চেষ্টায় ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ড্রেনের দুপাশে পানির গতিপথ বন্ধ করে দিয়ে মেশিনের মাধ্যমে পানি সেচতে শুরু করেন।
প্রায় এক ঘণ্টা চেষ্টার পর কুকুর ছানা দুটি জীবিত উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে কুকুরছানা দুটিকে ধুয়ে মুছে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় তারা। এই দৃশ্য দেখার জন্য শত শত স্থানীয় মানুষ জড়ো হয় ঘটনাস্থলে। কেউবা আবার তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেয়। কুকুর ছানা দুটিকে জীবিত উদ্ধার করায় সন্তোষ প্রকাশ করে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রাণীদের প্রতি এই ভালোবাসাকে বাহবা দিচ্ছেন স্থানীয়রা। সেই সঙ্গে সফলভাবে ছোট্ট কুকুর ছানা দুটিকে মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরে উচ্ছ্বসিত উদ্ধারে অংশ নেয়া ফায়ার ফাইটাররাও।
ইসলামবাগ মসজিদের ইমাম ক্বারী আব্বাস আলী বলেন, আসরের নামাজ পড়ে ফেরার পথে আমরা ড্রেনের মধ্যে কুকুর ছানার কান্নার আওয়াজ পাই। পরে আমরা নিজেরা চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেই। তারা এসে ছানা দুটি উদ্ধার করে।
পঞ্চগড় ফায়াস সার্ভিসের ফায়ার লিডার সলেমান আলী বলেন, কুকুরও একটি জীব। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি দুটি কুকুর ছানা ড্রেনের মধ্যে পড়ে ভেতরে চলে গেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আমরা ছানা দুটিকে জীবিত উদ্ধার করে তাদের মায়ের কাছে ফিরিয়ে দেই। কুকুর ছানা দুটিতে জীবিত উদ্ধার করতে পেরে আমরাও আনন্দিত।
জীবের প্রতি সাধারণ মানুষ ও ফায়ার সার্ভিসের কর্মীদের এই ভালোবাসায় কুকুর ছানা দুটি ফিরে পেয়েছে তার মায়ের কোল। জীবের প্রতি মানুষের এই ভালোবাসা পৌঁছে যাক সর্বত্র, সবখানে এমনটিই প্রত্যাশা সবার।
সূত্র: ডেইলী বাংলাদেশ।