দারিদ্র কল্যাণ সেবা কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা

নিউজ ডেস্ক:

পঞ্চগড় সদর উপজেলার মোলানী পাড়ায় দারিদ্র কল্যাণ সেবা কেন্দ্রে বিনামূল্যে সেবা নিচ্ছেন স্থানীয় সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী এবং বিভিন্ন বয়সী নারী-পুরুষ।

৯ বছরের শিশু মাহমুদুলকে কোলে নিয়ে আসা মা রওশন আরা জানান, স্বামী রফিকুল ইসলাম একজন ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ী। বাড়ি সদর উপজেলার মোলানীপাড়ায়। শিশুটি কথা বলতে, বসতে ও চলাফেরা করতে পারে না। ভূমিহীন এই অসহায় পরিবারের নারীর চোখে মুখে ছিল দু:স্বপ্নের ছাপ।

১৪ বছরের মেয়ে রুমাইয়া জান্নান থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। তিন মাস পর পর শরীরে রক্ত দিতে হয় এমনিতেই সীমাহীন দরিদ্রতা অন্য সন্তানদের একই অবস্থা সব মিলে তার পরিবারে অসহায় অবস্থা বিরাজ করছে। 

চিকিৎসকের কাছে মেয়ের বাবার প্রশ্ন, আমার মেয়েটি কি ভালো হবে।  

সদর উপজেলার পুকুরী ডাংগা গ্রাম থেকে আসা সাহেরা বানু জানান, স্বামী কৃষক। কোলে নিয়ে এসেছেন চার বছরের ছেলেকে। শিশুটি হাঁটতে পারে না। 

দরিদ্র পরিবারের সাহেরা বানুর মুখে একই প্রশ্ন, আমার ছেলেটি কি হাঁটতে পারবে। মেয়ে জুলিয়াস তানিয়া এইচএসসিতে পড়াশুনা করে। সেও শারীরিক ভাবে অনেকটাই প্রতিবন্ধী ও দুর্বল।

কামাত কাজলদিঘী ইউপির গলেহা আয়েশা বানু জানান, আড়াই বছরের শিশু মাহিনকে কোলে নিয়ে এসেছি। স্বামী ভ্যান চালক। শিশুটি বসতে ও হাঁটতে পারে না।

উপজেলা মোলানী পাড়ার দরিদ্র পরিবারের সামিনা বেগম জানান,  ১২ বছরের শিশু সন্তান সাহিনুর রহমান কথা বলতে পারে না। দরিদ্র পরিবারে চার মেয়ে রয়েছে, ছেলে প্রতিবন্ধী। 

এমন অনেক প্রতিবন্ধী রোগী এসেছেন দারিদ্র কল্যাণ সেবা কেন্দ্রে চিকিৎসা নিতে।

বৃদ্ধা নজু আকলিমা বলেন, স্বামী মারা গেছেন ১৯৭৪ সালে। ভিটেমাটি ছাড়া তেমন কিছু নেই। চার ছেলে-মেয়ে মানুষের ক্ষেতে খামারে কাজ করে। কোমর ও হাত পায়ে ব্যথা। অভাবের সংসার তাই বড় কোনো ডাক্তার দেখাতে পারছি না। তিনি বিনামূল্যে চিকিৎসা পেয়ে ভীষণ খুঁশি।  

চিকিৎসা নিতে আসা প্রতিবন্ধী রোগীদের শতকরা ৯০ জনই দরিদ্র এমনটিই জানালেন কর্তৃপক্ষ। বিপুল সংখ্যক নারী এসেছেন বিভিন্ন রোগের চিকিৎসা নিতে। তারাও বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়ে অনেক খুশি। 

পঞ্চগড়ে বেসরকারি উন্নয়ন সংস্থা দারিদ্র কল্যাণ সংস্থার আয়োজনে প্রতিবন্ধী, প্যারালাইসিস, বাত ব্যথা, হাড়ক্ষয়, মেরুদন্ড ব্যথা, হাত পা অবস ও ঝিমঝিম করা রোগিদের বিনোমূল্যে ফিজিও থেরাপি প্রদান ও সুস্থ থাকার জন্য ব্যায়াম সেখানো হয়। 

এছাড়াও নারী ও বয়স্ক রোগিদের ইউনানী চিকিৎসা সেবা প্রদান করা হয়। 

এ সময় সংস্থার নির্বাহী পরিচালক মো. শাহজালাল জানান, সংস্থাটি সমাজের অবহেলিত এ সব মানুষের জন্য ব্যাপক পরিসরে কিভাবে সেবা প্রদান করা যায় সে নিয়েই কাজ করছি ।

সূত্র: ডেইলী বাংলাদেশ।