
নিউজ ডেস্ক:
স্বজনদের খুঁজে না পাওয়ায় অবশেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে থাকা জমজ নবজাতকের মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।
রোববার (২৫ এপ্রিল) বিকালে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে নগরীর মুন্সিপাড়া কবরস্থানে মরদেহ দুটি দাফন করা হয়।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে অসুস্থ অবস্থায় সদ্য প্রসূত জমজ শিশুকে (ছেলে) বাবু নামে এক ব্যক্তি বাবা পরিচয় দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ৯ নম্বর শিশু ওয়ার্ডে পাঠান।
সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় দুপুর ২টার দিকে শিশু দুটি মারা যায়। এরপর থেকে মৃত শিশু দুটির বাবাকে খুঁজে পাওয়া যায়নি। ভর্তি রেজিস্টারে পুরো ঠিকানা না দিয়ে শুধু শিশু দুটির বাবা নাম বাবু, বাড়ি রংপুরের পীরগঞ্জ উল্লেখ করা হয়। নিরুপায় হয়ে মরদেহ মর্গে রেখে বিষয়টি কোতোয়ালি থানাকে অবহিত করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
পূর্ণাঙ্গ ঠিকানা ও মোবাইল নম্বর না থাকায় পুলিশও ওই বাবাকে খুঁজে বের করতে পারেনি। তাই রোববার বিকালে শিশু দুটিকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে কোতোয়ালি থানায় পৃথক দুটি ইউডি মামলা করেছে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ জানান, কোন দাবিদার না থাকায় নবজাতক দুটির ডিএনএ টেস্ট ও ময়নাতদন্তসহ যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। এ বিষয়ে ইউডি মামলা করা হয়েছে। সূত্র: বার্তা২৪
এম২৪নিউজ/আখতার