আরসিআর ‘বর্ষসেরা রিপোর্টার’ পুরস্কার পেলেন ঢাকা পোস্টের ফারুক

অনলাইন ডেস্ক:

রিপোর্টার্স ক্লাব রংপুর-আরসিআর ‘বর্ষসেরা রিপোর্টার-২০২৪’ পুরস্কার পেয়েছেন ঢাকা পোস্টের রংপুরের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক। অনলাইন মিডিয়া (নিউজ পোর্টাল)  ক্যাটাগরিতে স্বাস্থ্যখাতে অনিয়ম দুর্নীতির অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন।

এছাড়াও ইলেক্টট্রনিক মিডিয়া (টেলিভিশন) ক্যাটাগরিতে এনটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার একেএম মঈনুল হক, প্রিন্ট মিডিয়া (পত্রিকা) ক্যাটাগরিতে মানবজমিনের স্টাফ রিপোর্টার জাভেদ ইকবাল, স্থির চিত্রগ্রাহক (পত্রিকা) ক্যাটাগরিতে কালের কণ্ঠ’র রংপুর অফিসের স্টাফ ফটোসাংবাদিক আদর রহমান ও ভিজ্যুয়াল চিত্রগ্রাহক (টেলিভিশন) ক্যাটাগরিতে এখন টিভির রংপুর ব্যুরো অফিসের স্টাফ চিত্রসাংবাদিক আশিকুর রহমান আশিক।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের বিনোদন স্পট ভিন্ন জগতে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে সেখানে রিপোর্টার্স ক্লাব রংপুর-আরসিআর’র আয়োজনে ‘নতুন বাংলাদেশে নতুন দিগন্তে সাংবাদিকতা এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিক অংশ নেন।

এদিকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাব রংপুর-আরসিআর’র আজীবন সদস্য ও মাহিগঞ্জ কলেজ অধ্যক্ষ আখতারুজ্জামান সাজু, আজীবন সদস্য ও কারমাইকেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুর রউফ, ক্লাবের সভাপতি শাহ্ বায়েজীদ আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, সিনিয়র সহ-সভাপতি এসএম ইকবাল সুমন, সাবেক সভাপতি আব্দুল হালিম আনছারী ও সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোজাফফর হোসেন প্রমুখ।

বর্ষসেরা রিপোর্টার নির্বাচনের জন্য পাঁচ ক্যাটাগরিতে ৪৮টি প্রতিবেদন জমা দেন অংশগ্রহণকারীরা। তাদের মধ্য থেকে সেরা পাঁচজনকে পাঁচ ক্যাটাগরিতে নির্বাচিত করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ৫ ডিসেম্বর অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টে ‌‌‘রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল/ডা. মাহবুবুর রহমানের ‘রিং বাণিজ্য’’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর স্বাস্থ্যখাতসহ ওই চিকিৎসকের নানা অনিয়ম, দুর্নীতির ধারাবাহিক কয়েকটি প্রতিবেদন প্রকাশ করে ঢাকা পোস্ট। এরই প্রেক্ষিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই প্রতিবেদনের জন্য ফরহাদুজ্জামান ফারুককে ‘বর্ষসেরা রিপোর্টার-২০২৪’ পুরস্কার প্রদান করে রিপোর্টার্স ক্লাব রংপুর-আরসিআর। সূত্র: ঢাকা পোষ্ট

এম২৪নিউজ/আখতার

Leave a Reply