
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে মহান একুশে ফেব্রুয়ারী উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল সংগ্রহ করতে গিয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সার্ভেয়ার রুহুল আমিনের বিরুদ্ধে। গুরুতর অসুস্থ ওই শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রুহুল আমিন (৫৫) পেশায় একজন সার্ভেয়ার। এ ঘটনায় মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে।
এদিকে শনিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা মিঠাপুকুর থানার ওসি আবু বক্করের সাথে বৈঠক করেন। বৈঠকে ২৪ ঘন্টার মধ্যে ধর্ষনের দায়ে অভিযুক্ত রুহুল আমিনকে গ্রেফতারের আল্টিমেটাম দেয়া হয়। সেইসাথে রবিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১১টায় মিঠাপুকুর ফ্লাইওভারের নিচে ধর্ষককে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করার ঘোষনা দেয়া হয়।
মামলার বিবরণ ও ধর্ষিতার পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত রুহুল আমিনের পরিবারের সবাই ঢাকায় থাকার কারনে তিনি বাড়িতে একা থাকেন। একুশে ফেব্রুয়ারী উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে শুক্রবার সকাল ৬টার দিকে ফুল সংগ্রহ করতে রুহুল আমিনের বাড়িতে যায় ওই শিক্ষার্থী। একা পেয়ে জোর পূর্বক ওই শিক্ষার্থীকে ঘরে ঢুকিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে ফজরের নামাজ পড়ে বাড়িতে যাওয়া কয়েকজন মুসল্লি ওই বাড়িতে গিয়ে শিশুটিকে উদ্ধার করে তার বাসায় দিয়ে আসে। এরই মধ্যে অভিযুক্ত পালিয়ে যান। শিশুটিকে বাসায় আনার পর দাদির কাছে সবকিছু খুলে বলে এবং ক্ষত স্থান দেখায়। একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটিকে উদ্ধার করে প্রথমে মিঠাপুকুর থানায় এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যায় পুলিশ।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে জোর চেষ্টা চলছে।
এম২৪নিউজ/আখতার