
নিউজ ডেস্ক:
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল, তার স্ত্রী প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিনসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে অমিত বণিক নামের এক ব্যবসায়ী বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন। অমিত বণিক রংপুর নগরীর থানা রোড এলাকার বাসিন্দা।
মামলায় অভিযোগ করা হয়েছে, ইভ্যালির মাধ্যমে বাদীর কাছ থেকে ২০২০ সালের ৫ ডিসেম্বর থেকে পরবর্তী সময়ে তিন দফায় বিভিন্ন লোভনীয় অফারে টেলিভিশন, ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা, ওয়াশিং মেশিন, কম্পিউটার মনিটর, গ্যাসের চুলাসহ নানা ধরনের পণ্য সরবরাহের কথা বলে ২০ লাখ ৪৬ হাজার ৯৮৫ টাকা আত্মসাৎ করেছেন আসামিরা।
বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী সিপন সাহা বলেন, ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহ করার কথা থাকলেও তা করেননি আসামিরা। এ ঘটনায় টাকা লেনদেনের উপযুক্ত প্রমাণাদিসহ আদালতে মামলা করা হয়।
সিপন সাহা আরো বলেন, আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এফ এম আহসানুল হক শুনানি শেষে ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার