উত্তরবঙ্গ ব্লকেড ও অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারি বেরোবি শিক্ষার্থীদের

অনলাইন ডেস্ক:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা উত্তরবঙ্গের প্রতি দীর্ঘদিনের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে সোমবার সকাল সাড়ে ১১টায় মডার্ন মোড় ব্লকেড করে শক্ত আন্দোলনের পথে নামে। তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দাবি না মানা হলে উত্তরবঙ্গ ব্লকেড ও অসহযোগ আন্দোলন ঘোষণা করবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

শিক্ষার্থীরা লাল কার্ড দেখিয়ে ‘লাশ লাগলে লাশ নে, রংপুরে বাজেট দে’, ‘জীবন লাগলে জীবন নে, রংপুরে বাজেট দে’ এবং ‘ইন্টারিমে দালালরা হুশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেন।

বেরোবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শাহরিয়ার সোহাগ বলেন, “আমরা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই। এখানে অডিটোরিয়াম, টিএসসি নেই। উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য একটি স্বতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন করা জরুরি।”

আরেক শিক্ষার্থী রিয়া মুর্মু বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আশা করেছিলাম উত্তরবঙ্গের বৈষম্য দূর হবে, কিন্তু দেখতে পাচ্ছি যে এখনো একইভাবে বাজেট বৈষম্য বিদ্যমান রয়েছে।

তারা দুই দফা দাবি উপস্থাপন করেছে- ১. উত্তরবঙ্গের দীর্ঘদিনের বাজেট বৈষম্য নিরসন এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নের জন্য স্বতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন; ২. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা।

শিক্ষার্থীরা প্রশাসনের পদক্ষেপ না নেওয়া পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।

আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও রংপুরের সাধারণ জনতাকে নিয়ে আবু সাঈদ চত্বরে স্মারকলিপি প্রদান করা হবে। এরপর ‘মার্চ টু জেলা প্রশাসক’ ও ‘মার্চ টু বিভাগীয় কমিশনার’ কর্মসূচি নেওয়া হবে।

গত রোববার (২৭ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আট হাজার কোটি টাকার ১২টি প্রকল্প অনুমোদন করলেও, ঢাকার জন্য ২ হাজার ৮৪০ কোটি টাকা বরাদ্দ থাকলেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গের জন্য কোনো বাজেট বরাদ্দ হয়নি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply