
অনলাইন ডেস্ক:
তিন বছর পর দুই বোনের একসঙ্গে বিষপানের রহস্য উদঘাটন করেছে পিবিআই। আত্মহত্যার প্ররোচনার প্রধান আসামি মেরাজুল ইসলাম বৃহস্পতিবার রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২ এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পিবিআই।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৮ সালের ১২ফেব্রুয়ারি রংপুরের শেখপাড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে সাদিয়া আক্তার অন্নি ও মঞ্জুর হোসেনের মেয়ে লুৎফন নাহার লাতুল বিষপানে আত্মহত্যা করেন। এরপর পুলিশ ঘটনার তদন্ত করে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়। পুলিশ আড়াই বছর তদন্ত করে মামলাটি। পরে মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় পিবিআইকে।
রংপুর পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা ওসি যতিন্দ্রনাথ শর্মা মামলাটি তদন্ত করেন। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে প্রধান আসামি একই গ্রামের আনছার আলীর ছেলে মেরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।
মেরাজুল খালাতো দুই বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে দুই বোনের সাথে শারীরিক সম্পর্ক করেন। দুই বোনের সঙ্গে প্রেমের সম্পর্কের ঘটনাটি জানাজানি হলে লজ্জায় তারা একই সময় তাদের নানার বাড়িতে গিয়ে বিষপানে আত্মহত্যা করে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে আত্মহত্যার আগে তাদের ধর্ষণ করা হয়েছে বলে রিপোর্ট পাওয়া যায়।
রংপুর পিবিআইয়ের এসপি এবি এম জাকির হোসেন জানান, প্রায় তিন বছর পর দুই বোনের আত্মহত্যার ঘটনার রহস্য উৎঘাটন হয়েছে। দ্রুত তদন্ত রিপোর্ট আদালতে দাখিল করা হবে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার