
স্টাফ রিপোর্টার (রংপুর):
দেশব্যাপী করোনা ভ্যাকসিন প্রদানের দ্বিতীয়
দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাতিষ্ঠানিক করোনা কোয়ারেন্টাইন সেন্টারে করোনার ভ্যাকসিন গ্রহণ করেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাতিষ্ঠানিক করোনা কোয়ারেন্টাইনে রংপুর পুলিশ সুপার ভ্যাকসিন নেয়ার মধ্য দিয়ে পুলিশ সদস্যদের মধ্যে করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু হয়।
পুলিশ সুপার ভ্যাকসিন গ্রহণের পর, মধুসূদন রায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) রংপুর, জনাব সৈয়দ মোহাম্মদ ফরহাদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রংপুর, আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর, মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), রংপুর এবং মোঃ আরমান হোসেন, পিপিএম, সহকারী পুলিশ সুপার, (সি-সার্কেল) রংপুরসহ করোনা ভ্যাকসিন গ্রহণ করেন।
ভ্যাকসিন গ্রহণ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সুপার মহোদয় বলেন, দেশে প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই মাঠে সম্মুখসারির যোদ্ধা হিসেবে সার্বিক দায়িত্ব পালন করে গেছেন পুলিশ সদস্যরা। সম্মুখসারির যোদ্ধা হিসেবে বাংলাদেশ পুলিশ অগ্রাধিকার হিসেবে এ ভ্যাকসিন পাচ্ছে। করোনার ভ্যাকসিন নিলে পার্শ্বপ্রতিক্রিয়া হবে এটা ভ্রান্ত ধারণা। ফোর্সদের মধ্যে করোনার ভ্যাকসিন নিয়ে যেন কোন প্রকার সংশয় সৃষ্টি না হয়, সেজন্য আমরাই প্রথমে করোনার ভ্যাকসিন গ্রহণ করেছি।
পুলিশ সুপার আরো বলেন, ভ্যাকসিন গ্রহণের পর কোন অসুবিধা বোধ করছিনা। এটা একটা মানসিক বিষয়। আপনি মানসিকভাবে প্রস্তুত থাকলে এটি অন্যান্য ভ্যাকসিনের মতোই স্বাভাবিক। আমি সকলকে অনুরোধ করবো ভ্যাকসিন গ্রহণ করার জন্য। আমাদের পর্যাপ্ত ভ্যাকসিন প্রদানের বুথ রয়েছে যেখানে গড়ে প্রতিদিন একশত পুলিশ সদস্যকে ভ্যাকসিন প্রদান করা সম্ভব।
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে পুলিশ সুপার বলেন, সারা বিশ্বে মাত্র ২০ থেকে ২২টি দেশ করোনার ভ্যাকসিন পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা ও দূরদর্শিতায় আজকে আমরা আগাম এ ভ্যাকসিন নিতে পারছি। মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্তের কারণে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে।
এম২৪নিউজ/আখতার