
নিউজ ডেস্ক:
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, করোনায় দেশে বাণিজ্যে কোন প্রভাব নেই। প্রাণঘাতি করোনাকে রুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে শিল্প কলকারখানাগুলো চালু রয়েছে। এরপরও করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
বৃহস্পতিবার (২০ মে) দুপুরে রংপুরের কাউনিয়ায় উপজেলা পরিষদের আয়োজনে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের বাণিজ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ঢেডয়ে বিশ্বের অন্যান্য দেশের সাথে আমদানী এবং রপ্তানি অব্যাহত রয়েছে। দেশের বাণিজ্য অঞ্চল গুলোতে স্বাস্থ্যবিধি মেনে ছোট-বড় সব শিল্প কলকারখানা চালু রয়েছে। করোনার দ্বিতীয় দেশের মানুষ যেন অসহায় হয়ে না পড়ে সেজন্য কর্মহীন মানুষদের সরকারি ভাবে পর্যাপ্ত ত্রান এবং অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে।
মন্ত্রী আরো বলেন, প্রাণঘাতি করোনা মহামারি প্রতিরোধে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। তাহলে বৈশ্বিক মহামারি করোনা দেশে কোন প্রভাব ফেলতে পারবে না।
মতবিনিয়ম সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা তারিন, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, শহীদবাগ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হান্নান, আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম প্রমুখ।
এর আগে, বাণিজ্যমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে উপজেলায় হারাগাছ, সারাই, টেপামধুপুর, কুর্শা, শহীদবাগ, বালাপাড়া ইউনিয়ন ও হারাগাছ পৌরসভায় ১ হাজার ৬১০জন অসহায়-দরিদ্র মানুষদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে শাড়ী, লঙ্গি এবং পাঞ্জাবী বিতরন করেন।
এম২৪নিউজ/আখতার