কাউনিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টা

নিউজ ডেস্ক:

ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রংপুরে মিজানুর রহমান মিটুল নামে এক সাংবাদিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বখাটেরা। এ ঘটনায় হারাগাছ থানায় মামলা দায়ের হলে ইয়াছিন ও আনেছ নামে দুই বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কাউনিয়া উপজেলার হারাগাছে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক মিজানুর রহমান মিটুল দৈনিক যায়যায়দিন ও এশিয়ান টেলিভিশনের কাউনিয়া উপজেলা প্রতিনিধি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাংবাদিক মিজানুর রহমান মিটুলের এসএসসি পরীক্ষার্থী ভাতিজিকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ও মোবাইল মেসেজ দিয়ে প্রায়ই উত্ত্যক্ত করতো মধ্যপাড়া মালিয়াটারী গ্রামের হবু মিয়ার পুত্র বখাটে পারভেজ হাসান। বিষয়টি তার পরিবারকে জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে বখাটে পারভেজ হাসান ও তার বন্ধুরা।

বৃহস্পতিবার বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকায় কোন বিশৃঙ্খালা না করার জন্য বখাটে পারভেজ হাসানকে নিষেধ করে সাংবাদিক মিজানুরের ভাতিজা কাকন। এতে বখাটে পারভেজ ক্ষিপ্ত হয়ে দলবলসহ কাকনের ওপর হামলা চালায়। এ সময় সাংবাদিক মিজানুর ঘটনাস্থলে এগিয়ে গিয়ে প্রতিবাদ করলে তাকেও শারীরিকভাবে লাঞ্চিত করা হয়। পরে পারভেজের নেতৃত্বে উশৃঙ্খল যুবকরা সাংবাদিক মিজানুরের ওপর হামলা করতে গভীররাত পর্যন্ত দেশিও অস্ত্র নিয়ে রাস্তায় মহড়া দেয়।

শুক্রবার স্থানীয় মসজিদে জুম্মার নামাজ শেষে সাংবাদিক মিজানুর ও তার ছেলে মাহাবুব বাড়ি ফিরছিলেন। এসময় মসজিদ মোড়ে বখাটে পারভেজ হাসান, রিফাত, সোহেল, রিয়াদ, বিজয়, মুকুল, আনোয়ারুল, সুমন, নাজিরসহ অজ্ঞাত ১৪/১৫ জন যুবক দেশীয় অস্ত্র দিয়ে সাংবাদিক মিজানুর রহমানের ওপর হামলা করে। এ সময় সাংবাদিকের স্ত্রী এগিয়ে গেলে তাকেও শারীরিকভাবে লাঞ্চিত করে বখাটেরা। এ ঘটনায় সাংবাদিক মিজানুর রহমান গুরুতর আহত হলে তাকে স্থানীয় হারাগাছ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

পরে বখাটেরা সাংবাদিকের বাড়িতে হামলা চালিয়ে ঘরের দরজা-জানালা ভাঙচুর করে। এ ঘটনায় রাতেই হারাগাছ থানায় বখাটেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন সাংবাদিক মিজানুর রহমান।

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ওসি রেজাউল করিম বলেন, সাংবাদিক মিজানুর রহমানের ওপর হামলার ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ আরও ৮/১০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply