কাউনিয়ায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ ৫ জন গ্রেপ্তার

রংপুর অফিস:

রংপুরের কাউনিয়ায় জুয়া খেলার সময় ইউপি সদস্য জহুরুল ইসলাম সহ পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়।

থানা পুলিশ জানায়, বিশেষ অভিযানে কাউনিয়ার নাজিরদহ খানসামা গ্রামের জিয়া কলোনিতে জুয়াখেলা অবস্থায় হারাগাছ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য জহুরুল ইসলাম সহ (৪৮) পাঁচ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৫৯০ টাকা ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মৃত মজিবর রহমানের ছেলে ফারুক মিয়া (৪৯), জাবেদ আলীর ছেলে ইব্রাহীম আলী (৪০), মোতাহার আলীর ছেলে মমিনুর ইসলাম (৪৫) এবং আব্দুস সালামের ছেলে সাইফুল ইসলাম (৩২)। তাদের সকলের বাড়ি উপজেলার হারাগাছের নাজিরদহ গ্রামে।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।

রংপুর জেলার সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে কন্টিনজেন্ট মোবিলাইজেশনের একটি চৌকস দল ও কাউনিয়া থানার যৌথ অভিযানে জিয়া কলোনি থেকে ৫ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করে। আগামী ২৮ ফেব্রুয়ারী সোমবার পর্যন্ত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply