কাউনিয়ায় প্রেমে ব্যর্থ হয়ে শরীরে আগুন লাগিয়ে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা

রংপুর অফিস:

রংপুরের কাউনিয়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্যর্থ প্রেমে হতাশ হয়ে প্রেমিকার সামনে গায়ে আগুন ধরিয়ে পুড়ে দগ্ধ হয়েছে সাব্বির হোসেন (২২) নামে এক যুবক। বৃহস্পতিবার দুপুরে রংপুরের কাউনিয়া কলেজ মাঠ এলাকায় ঘটনাটি ঘটেছে। সে বর্তমানে কাউনিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানাগেছে, উপজেলা সদরের হরিশ্বর গ্রামের সাইদুর রহমানের কলেজ পড়ুয়া ছেলে সাব্বিরের সাথে একই কলেজের জনৈক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের প্রায় নয় মাসের প্রেম কাহিনী ওই ছাত্রীর বাবা টের পেলে মেয়েকে অন্যত্র বিয়ে দেয়ার কথা-বার্তা চালায়। একথা শুনে সাব্বির কৌশলে প্রেমিকাকে কলেজ মাঠ সংলগ্ন রেল লাইনের ধারে ডেকে এনে পালিয়ে বিয়ে করার প্রস্তাব দেয়। এতে অস্বীকৃতি জানালে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বোতলে আনা কেরোসিন শরীরে ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় সাব্বির। পরে স্থানীয়রা তাকে কাউনিয়া কাউনিয়া হাসপাতালে ভর্তি করে।

পুলিশ জানায়,করোনায় কলেজ বন্ধ থাকায় সাব্বির হোসেন ঢাকায় ঔষুধ কোম্পানিতে চাকুরী করছে। সে প্রেমিকার বিয়ের সংবাদ পেয়ে বাড়িতে এসে এ ঘটনা ঘটায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কাউনিয়া থানার ওসি (তদন্ত) মোঃ সেলিমুর রহমান জানান, কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply