কাউনিয়ায় স্কুলছাত্রী অপহরণের অভিযোগে যুবক গ্রেফতার

রংপুর অফিস:

রংপুরের কাউনিয়া উপজেলায় নবমশ্রেনীর অপহরণের অভিযোগে আরশ মিয়া (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় মেয়েটিকেও উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করেছেন মেয়েটির বাবা। গ্রেফতার আরশ উপজেলার সারাই ইউনিয়নের তেলিটারী গ্রামের মশিউর রহমানের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, একই এলাকার নবম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো ওই যুবক। এ নিয়ে তার পরিবারের কাছে মেয়ে পক্ষের অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
গত ১ এপ্রিল বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভনে ভাগিয়ে নিয়ে যায় আরশ। মেয়েকে কোথাও না পেয়ে থানায় অভিযোগ করে মেয়ের বাবা।

মামলার তদন্ত কর্মকর্তা রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) জোতিষ চন্দ্র বর্মণ বলেন, গ্রেফতার যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মেয়েটির জবানবন্দি রেকর্ডের জন্য বিচারকের কাছে হাজির করা হবে।এছাড়া ও মেয়েটির মেডিকেল পরীক্ষা হবে। পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply