
নিউজ ডেস্ক:
রংপুরের হারাগাছে নানার বাড়িতে বেড়াতে এসে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নোহামনি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে কাউনিয়া উপজেলার হারাগাছের ক্যানেলটারী বাঁধের পুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শিশু নোহামনি পার্শ্ববর্তী বানুপাড়া এলাকার হাছেনুর রহমানের মেয়ে। কয়েকদিন আগে মা গোলাপী বেগমের সাথে নানার বাড়িতে বেড়াতে আসেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হারাগাছ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম সবুজ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওই কাউন্সিলর জানান, ক্যানেলটারী বাঁধের পুলের কাছে একটি মসজিদের নির্মাণ কাজের ট্রাক্টরে করে বালু আনা হয়েছিল। সেখানে শিশু নোহামনি খেলতে গিয়ে ট্রাক্টরের চাকার কাছে গিয়ে বসে পড়ে। কিন্তু বিষয়টি ট্রাক্টর চালক ও হেলপার বুঝতে না পেরে বালু নামানো শেষে ট্রাক্টরটি চালাতে গেলে চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
এবিষয়ে রংপুুুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাক্টর চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।
এম২৪নিউজ/আখতার