কারমাইকেল কলেজ শিক্ষার্থী রুখিয়া রাউত হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক:

রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী বদরগঞ্জের আদিবাসী রুখিয়া রাউতকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যাসহ সারাদেশে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে অবিলম্বে রুখিয়া রাউত এর ধর্ষকসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন, হত্যা ও যৌন হয়রানিতে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এনএনএমসি ফাউন্ডেশনের রংপুর জেলা ও বদরগঞ্জ উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম এই কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে নারী ও শিশু নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, হত্যা বন্ধে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ ও আইন প্রণয়নের দাবি তুলে বক্তারা কারমাইকেল কলেজের মেধাবী শিক্ষার্থী আদিবাসী রুখিয়া রাউতের নৃশংস হত্যার তীব্র নিন্দা জানান। এসময় তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জনান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন- রুখিয়া রাউত এর বাবা দিনেশ রাউথ, এনএনএমসি কো-অর্ডিনেটর মোঃ নূরুল আলম শুভ, বদরগঞ্জ উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সম্পাদক শ্যামল টুডু, রংপুর জেলা অ্যাডভোকেসি অ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি মনিলাল দাস, রংপুর জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সম্পাদক পার্থ বোস, সুজন রংপুর মহানগর সভাপতি অধ্যক্ষ খন্দকার ফকরুল আনাম বেঞ্জু প্রমুখ।

দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে মাপা, বেগম রোকেয়া নারী সংগঠন, পেশাজীবী ফোরাম, আরডিআরএস, স্বর্ননারী এসোসিয়েশন, নর্থবেঙ্গল ফাউন্ডেশন, হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম, বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্টস্ অর্গানাজেশন, বিকশিত নারী নেটওয়ার্ক, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, ইয়ূথ এন্ডিং হাঙ্গার, সুজন-সুশাসনের জন্য নাগরিক, উপজেলা আদিবাসী ফোরামসহ বিভিন্ন সংগঠন ও নেটওয়ার্ক সংহতি প্রকাশ করে অংশ নেন।

এম২৪নিউজ/আখতার