
নিউজ ডেস্ক:
করোনার কারণে দীর্ঘ বন্ধের পর খুলেছে রংপুর চিড়িয়াখানা। সুযোগ পেয়েই বন্দি জীবনের ক্লান্তি কাটাতে চিত্ত-বিনোদনের আশায় আসছেন মানুষ। গাছপালা ঘেরা স্নিগ্ধ পরিবেশে ভিন্নভিন্ন রূপ-বৈচিত্র্যের প্রাণীদের নানা কসরতের মুগ্ধতা নিয়ে ফিরছে মানুষ।
করোনাকালেই সাত বছরের একাকীত্ব ঘুচেছে, কালাপাহাড় আর জলনূপুরের আগমনে সরব এখন জলহস্তি লিওনের ঘের। তাই যেন আনন্দে খুনসুটিতে মেতে ওঠে কেয়ারটেকারের সঙ্গে।
অনেকটাই বদলে যাওয়া পরিবেশ বেশ উপভোগ্য বলছেন দর্শনার্থীরা। কোলাহলমুক্ত অনুকূল পরিবেশে বেশকিছু প্রাণীর বংশবিস্তার ঘটছে বা ঘটেছে।
রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. আমবার আলী তালুকদার বলেন, করোনাকালীন সময়ে অনেকটা বনের পরিবেশ পাওয়ায় প্রাণীরা বাচ্চা দিয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে চলায় কিছুটা উদাসীনতা দেখা গেলেও কর্তৃপক্ষ বলছে, ব্যবস্থা নেয়া হয়েছে। চিড়িয়াখানায় ৩৩টি প্রজাতির ২৫১টি প্রাণী রয়েছে।